নিজস্ব প্রতিবেদক

জাতীয় নির্বাচনের মতো উপনির্বাচনেও সেনাবাহিনী ও আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে আগামী ৬ জুনের মধ্যে দেশের সব স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনার কথাও জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিষয়ে নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, নভেম্বর ও ডিসেম্বরে দেশজুড়ে বিভিন্ন স্তরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর জানুয়ারি মাসে কিছুটা সময় পাওয়া গেলেও তার পরপরই শুরু হবে পবিত্র রমজান এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকসহ বিভিন্ন পাবলিক পরীক্ষা।

তিনি বলেন, এই আঁটসাঁট সময়সূচির মধ্যে কীভাবে উপনির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনগুলো আয়োজন করা যায়, তা নিয়ে কমিশন কাজ করছে।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সময় ও পরিস্থিতি বিবেচনায় নিয়ে নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। একই সঙ্গে নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী এবং আধুনিক প্রযুক্তির কার্যকর ব্যবহারের বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।