অনলাইন ডেস্ক
নির্বাচন কমিশন (ইসি) স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করতে পারছে না বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তাঁর দাবি, সরকারের নির্দেশনাতেই নির্বাচন কমিশন পরিচালিত হচ্ছে। এমন পরিস্থিতিতে ইসির অধীনে নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন আয়োজন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
বুধবার (১৬ সেপ্টেম্বর) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মিয়া গোলাম পরওয়ার।
তিনি অভিযোগ করেন, সরকার বিরোধী দলগুলোকে নির্বাচন বর্জনের দিকে ঠেলে দিচ্ছে। একইসঙ্গে নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে দায়িত্ব পালনের সুযোগ দেওয়া হচ্ছে না বলেও দাবি করেন তিনি।
স্থানীয় সরকার ব্যবস্থায় দলীয়করণের অভিযোগ তুলে জামায়াতের এই নেতা বলেন, বিভিন্ন এলাকায় প্রশাসক নিয়োগের মাধ্যমে সরকার নিজেদের দলের লোকদের বসিয়েছে। এ অবস্থায় সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করে নিরপেক্ষ নির্বাচন আয়োজন কঠিন হয়ে পড়েছে।
সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আট দফা দাবি তুলে ধরেন মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, নির্বাচন বিলম্বিত করার কোনো অজুহাত গ্রহণযোগ্য হবে না। সব প্রার্থীর জন্য পর্যাপ্ত সময় ও সুযোগ, নিরাপদ পরিবেশ এবং ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে হবে।
এ ছাড়া নির্বাচনে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কোনো রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করার দাবি জানান তিনি। নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার ওপরও গুরুত্ব দেন জামায়াতের এই নেতা।
এর আগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে জামায়াতে ইসলামী কয়েক দফা দাবি জানিয়েছিল। দলটির পক্ষ থেকে প্রশাসকদের নির্বাচনে অযোগ্য ঘোষণা এবং এমপিওভুক্ত শিক্ষক-কর্মকর্তাদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়াসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়।
অন্যদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। ইসি সচিবের সাম্প্রতিক বক্তব্য অনুযায়ী, প্রাথমিকভাবে কয়েক ধাপে নির্বাচন আয়োজনের সময়সূচি নিয়ে আলোচনা হয়েছে।