দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের অঙ্গীকার বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও প্রজন্ম দলের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী অভিযোগ করেন, শেখ হাসিনাসহ গণহত্যায় অভিযুক্তদের আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বাংলাদেশ সরকার বারবার তাদের ফেরত চাইলেও ভারত তা আমলে নিচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।
এ সময় ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে রিজভী বলেন, মুখে বন্ধুত্বের কথা বললেও ভেতরে ভেতরে শেখ হাসিনাকে কেন্দ্র করে ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে।
তারেক রহমানের ব্রিকস সম্মেলনে অংশ না নেওয়ার প্রসঙ্গে রিজভী দাবি করেন, স্বাধীন দেশের প্রধানমন্ত্রী হিসেবে যথাযথ মর্যাদা না পাওয়ার কারণে ওই আমন্ত্রণ প্রত্যাখ্যান করা হয়েছে। তার ভাষ্য, এটি বাংলাদেশের সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষার প্রতীক।
আদানির বিদ্যুৎ সরবরাহ বন্ধের প্রসঙ্গেও বক্তব্য দেন বিএনপির এই নেতা। তিনি দাবি করেন, ব্রিকস সম্মেলনে না যাওয়ার সিদ্ধান্তের পরদিনই আদানি পাওয়ার প্লান্টের একটি ইউনিট নষ্ট হওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
এ ছাড়া দেশের গ্যাস ও জ্বালানি সংকটকে বৈশ্বিক পরিস্থিতির ফল হিসেবে উল্লেখ করে রিজভী বলেন, সরকার সংকট মোকাবিলায় কাজ করছে এবং বিকল্প দেশ থেকে গ্যাস আমদানির উদ্যোগ নেওয়া হচ্ছে।
বিগত সরকারের সমালোচনা করে তিনি দাবি করেন, বর্তমান সরকার জনগণের বাকস্বাধীনতা ও আইনের শাসন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
সম্প্রতি মধুর ক্যান্টিনের নাম পরিবর্তনের বিতর্ক নিয়েও ক্ষোভ প্রকাশ করেন রিজভী। তিনি বলেন, একাত্তরের অর্জন মুছে ফেলার কোনো অপচেষ্টা দেশের মানুষ মেনে নেবে না।