ফ্রন্টলাইন বাংলাদেশ | নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিবৃতি দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, গণতন্ত্র শুধু সরকার গঠনের সাময়িক প্রক্রিয়া নয়; এটি মানুষের মৌলিক অধিকার, সামাজিক ন্যায়বিচার, বাকস্বাধীনতা ও আইনের শাসন প্রতিষ্ঠার প্রধান ভিত্তি।
রোববার (১৪ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, গণতন্ত্র সুরক্ষিত থাকলে একটি সমাজ স্বৈরাচার, শোষণ ও বৈষম্য থেকে মুক্ত হয়ে অগ্রগতির পথে এগিয়ে যেতে পারে। তিনি অভিযোগ করেন, বিগত আওয়ামী লীগ সরকার দেশে গণতান্ত্রিক অধিকার সংকুচিত করেছে এবং জনগণ ভোটাধিকার, ন্যায়বিচার, সামাজিক সুরক্ষা ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে।
তার দাবি, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার একটি ঐতিহাসিক সুযোগ তৈরি করেছে। একই সঙ্গে বিএনপি নির্বাচনের আগে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার প্রতিশ্রুতি দিলেও ক্ষমতায় এসে তা ভুলে গেছে বলে মন্তব্য করেন তিনি।
জামায়াত আমির বলেন, বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য ত্যাগ স্বীকার করেছে। বিভিন্ন সময়ে স্বৈরাচারী মনোভাব ও ক্ষমতার অপব্যবহারের কারণে জনগণের গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে জুলাই বিপ্লব সংঘটিত হয়েছে এবং এই বিপ্লব ব্যর্থ হতে দেওয়া যাবে না। বৈষম্যমুক্ত ও মানবিক বাংলাদেশ গঠনে জাতির প্রত্যাশা পূরণ করতে হবে।
গণতন্ত্রের বিকল্প নেই উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, ইনসাফ, সততা ও মানবিক মূল্যবোধনির্ভর বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠায় গণতন্ত্রকে শক্তিশালী করা জরুরি। আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে জামায়াতে ইসলামী গণতন্ত্রকে সুসংহত ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার অঙ্গীকার করছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, সমতা, আইনের শাসন, নাগরিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠায় তার দল কাজ করছে। পাশাপাশি গুম, খুন ও ক্রসফায়ারের মতো ঘটনার পুনরাবৃত্তি রোধের আহ্বান জানান তিনি।
বিবৃতিতে প্রশাসনকে দলীয় প্রভাবমুক্ত করা, ঘুষ-দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারিত্ব বন্ধ এবং শাসনব্যবস্থাকে স্বচ্ছ ও গণমুখী করার ওপরও গুরুত্ব দেন জামায়াতের আমির।
বিবৃতির শেষে বৈষম্যমুক্ত মানবিক বাংলাদেশ গড়তে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, ন্যায্য নাগরিক সুবিধা নিশ্চিত করা এবং অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান ডা. শফিকুর রহমান।