ফ্রন্টলাইন বাংলাদেশ | নিজস্ব প্রতিবেদক

‘লেডি মীর জাফর’ উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে হাইকোর্টে নালিশ করেছেন স্বতন্ত্রভাবে নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দ ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চে তিনি এ নালিশ করেন।

জানা গেছে, এ বেঞ্চের কার্যতালিকায় থাকা একটি মামলায় আইনজীবী হিসেবে শুনানিতে অংশ নিতে যান ব্যারিস্টার রুমিন ফারহানা। ওই বেঞ্চে রাষ্ট্রপক্ষে দায়িত্বে ছিলেন ডিএজি নজরুল ইসলাম ছোটন।

মামলাটি শুনানির জন্য ডাকা হলে রুমিন ফারহানা ডায়াসের সামনে দাঁড়িয়ে ডিএজির ফেসবুক পোস্ট আদালতের নজরে আনেন। তিনি অভিযোগ করেন, ব্যক্তিগত ক্ষোভ থেকে নজরুল ইসলাম ছোটন তাকে উদ্দেশ্য করে ওই পোস্ট দিয়েছেন।

রুমিন ফারহানা আদালতের কাছে অনুরোধ করেন, ডিএজি যেন তার কোনো মামলায় রাষ্ট্রপক্ষে শুনানি না করেন। তার আশঙ্কা, ব্যক্তিগত ক্ষোভের কারণে তিনি মামলায় তার মক্কেলের বিরুদ্ধে বক্তব্য দিতে পারেন, এতে মক্কেল ক্ষতিগ্রস্ত হতে পারেন।

এরপর আদালত নজরুল ইসলাম ছোটনের পরিবর্তে ওই আদালতের সহকারী অ্যাটর্নি জেনারেল মো. সাগর হোসেনকে মামলাটির শুনানি করতে বলেন।

শুনানিতে সহকারী অ্যাটর্নি জেনারেল মো. সাগর হোসেন আদালতকে জানান, মামলার আসামি একজন ‘অভ্যাসগত অপরাধী’ এবং তার বিরুদ্ধে এর আগে ইয়াবাসংক্রান্ত ১১টি মামলা রয়েছে। পরে আদালত মামলাটির শুনানি অবকাশের পর করার আদেশ দেন।

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়েও অভিযোগ

এদিকে ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে লিখিত অভিযোগও দিয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা।

অ্যাটর্নি জেনারেল বরাবর দেওয়া অভিযোগে তিনি বলেন, গত ১১ সেপ্টেম্বর নজরুল ইসলাম ছোটন তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে তাকে উদ্দেশ্য করে আপত্তিকর ও মানহানিকর একটি পোস্ট দিয়েছেন।

অভিযোগে ওই পোস্টের বক্তব্য উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, সেখানে তাকে ‘লেডি মীরজাফর’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

রুমিন ফারহানা অভিযোগ করেন, রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনরত ব্যক্তির কাছ থেকে এ ধরনের বক্তব্য তার জন্য অপমানজনক এবং অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ভাবমূর্তি ও পেশাদারিত্বের জন্যও ক্ষতিকর।

তিনি আরও বলেন, অ্যাটর্নি জেনারেল কার্যালয় রাষ্ট্রের প্রতিনিধিত্ব করে, কোনো রাজনৈতিক দলের নয়। তাই রাষ্ট্রপক্ষের একজন ডিএজির সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে পেশাগত শিষ্টাচার বজায় রাখা প্রয়োজন।

অভিযোগের ভিত্তিতে নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে বিভাগীয় ও উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন রুমিন ফারহানা।