ফ্রন্টলাইন বাংলাদেশ | নিজস্ব প্রতিবেদক

দেশের শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। আগামী মঙ্গলবার রাত থেকেই শিল্প খাতে সাম্প্রতিক সংকটের আগের অবস্থায় ফিরতে পারার আশা প্রকাশ করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে এফবিসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ, এমসিসিআইসহ ২১টি ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রায় তিন ঘণ্টার বৈঠক শেষে এ তথ্য জানান এফবিসিসিআই প্রশাসক মো. ফজলুল হক।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, আগামীকাল (মঙ্গলবার) রাত থেকেই ইনশাআল্লাহ আমাদের নতুন করে যে সংকট তৈরি হয়েছে, এর আগের যে অবস্থায় আমরা ছিলাম, গ্যাস-বিদ্যুতের সেই অবস্থায় ফিরে যেতে পারব।’

ফজলুল হক বলেন, ব্যবসায়ী মহলের জন্য এটি বৈঠকের সবচেয়ে বড় প্রাপ্তি ও স্বস্তির খবর। তবে ‘আগের অবস্থায়’ বলতে ঠিক কী পরিমাণ গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ বোঝানো হয়েছে, সে বিষয়ে ব্রিফিংয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফজলুল হক বলেন, আগস্ট মাসে যে সংকট ঘনীভূত হয়েছে, তার আগের অবস্থায় ফিরে যাওয়ার কথা বলা হয়েছে।

ব্যবসায়ী সংগঠনগুলোর প্রতিনিধিরা বৈঠকে শিল্প খাতে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের সংকটসহ উৎপাদন কার্যক্রমে সৃষ্ট বিভিন্ন সমস্যার কথা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। দীর্ঘ বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয় এবং শিল্প উৎপাদন স্বাভাবিক রাখতে সরবরাহ পরিস্থিতি উন্নয়নের আশ্বাস দেওয়া হয়।