ফ্রন্টলাইন বাংলাদেশ | নিজস্ব প্রতিবেদক
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়র্কে তিনি ২৬ সেপ্টেম্বর পর্যন্ত অবস্থান করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
রোববার (১৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।
হুমায়ুন কবির বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়ার পাশাপাশি বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ভিশন ও অগ্রাধিকারগুলো তুলে ধরবেন প্রধানমন্ত্রী। সফরকালে বিশ্বনেতাদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সাইডলাইন বৈঠকেও অংশ নেবেন তিনি।
এসব বৈঠকে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
নিউইয়র্ক সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবে কি না—এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রীর সফরের প্রাথমিক উদ্দেশ্য জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়া। এর পাশাপাশি সাইডলাইনে বিভিন্ন বৈঠক হতে পারে, যেগুলোর সিদ্ধান্ত অনেক সময় শেষ মুহূর্তে হয়।
তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করার আগ্রহের কথা জানিয়েছেন। প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে যাওয়ার পর কার কার সঙ্গে বৈঠক হবে, তা চূড়ান্ত হলে গণমাধ্যমকে জানানো হবে।
এদিকে সফরকালে রোহিঙ্গা সংকট নিয়ে বিশেষ সাইডলাইন বৈঠকের সম্ভাবনার কথাও জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকগুলোতে রোহিঙ্গা সংকটের বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে।