ফ্রন্টলাইন বাংলাদেশ | নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের তরুণ সমাজ ঐক্যবদ্ধভাবে দেশ পুনর্গঠনে এগিয়ে এলে তাদের কেউ থামিয়ে রাখতে পারবে না। ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমকে কেন্দ্র করে তরুণদের নেতৃত্বে দেশ পরিবর্তনের আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, “আমি আপনাদের কাছে একটা সাহায্য চাই। আমি যতটুকু জানি, বাংলাদেশে স্কাউটের সংখ্যা প্রায় ২৩ লাখ। ডিএনসিসির সদস্য সংখ্যা ২২ হাজার। দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৪ কোটি। এবার আপনারা বলেন, আমরা এতগুলো মানুষ যদি দেশকে পুনর্গঠন করতে চাই, তাহলে কেউ কি ঠেকিয়ে রাখতে পারবে? পারবে না।”
দেশ গড়ে তোলার দায়িত্ব তরুণ সমাজের ওপর তুলে ধরে তিনি বলেন, এখন সবাইকে ভাবতে হবে কীভাবে দেশকে গড়ে তোলা যায়। কারণ, দেশের মানুষকেই এই দেশে থাকতে হবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য দেশকে সুন্দর করে গড়ে তুলতে হবে।
তরুণ সমাজ পরিবর্তন ঘটাতে সক্ষম উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট তরুণ সমাজ সারা বিশ্বকে দেখিয়েছে যে তারা পরিবর্তন আনতে পারে। সেই পরিবর্তনের সূচনা তরুণদের হাত ধরেই হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
ডেঙ্গু প্রতিরোধে আগামী তিন মাস সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, শতভাগ সফলতা অর্জন সম্ভব না হলেও সম্মিলিত প্রচেষ্টায় অন্তত ৮০ ভাগ সমস্যার সমাধান করা সম্ভব।
ডেঙ্গুর অন্যতম কারণ হিসেবে বিভিন্ন স্থানে পানি জমে থাকা ও অপরিচ্ছন্ন পরিবেশের কথা উল্লেখ করে তিনি বলেন, ভাঙা-চোরা জিনিসপত্র, মাটির পাত্রসহ বিভিন্ন সামগ্রীতে পানি জমে এডিস মশার বংশবিস্তার ঘটে। সবাই মিলে এসব জায়গা পরিষ্কার করলে ডেঙ্গুর প্রকোপ কমানো সম্ভব।
পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, কেউ যদি টিস্যু বা পানি খাওয়ার বোতল যেখানে-সেখানে ফেলে রাখে, তাহলে হয়তো তাৎক্ষণিকভাবে কেউ বাধা দেবে না। কিন্তু এসব ময়লা জমে বড় আকার ধারণ করলে সেখান থেকে রোগ-জীবাণু ছড়াতে পারে।
তিনি বলেন, কেউ ভাবতে পারেন, “আমি তো দূরে থাকি, এতে আমার কী হবে?” কিন্তু সেই ময়লার কারণে নিজের আপনজন বা প্রিয়জন অসুস্থ হতে পারেন। তাই নিজেকে, পরিবারকে, সমাজকে এবং দেশকে সুস্থ রাখতে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, কাজটি খুব কঠিন নয়। প্রতি সপ্তাহে মাত্র এক ঘণ্টা সময় দিয়ে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থল পরিষ্কার রাখার উদ্যোগ নিলে দ্রুত পরিবর্তন আনা সম্ভব।
যারা যেখানে-সেখানে ময়লা ফেলেন, তাদের নিরুৎসাহিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাইকে বলতে হবে—“যেখানে-সেখানে ময়লা করবেন না।”
তরুণ সমাজের প্রতি পুনরায় আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ২০২৪ সালে তারা দেখিয়েছে কীভাবে দেশকে পরিবর্তন করতে হয়। এবার রাষ্ট্র ও দেশ পুনর্গঠনের কাজেও তরুণদের এগিয়ে আসতে হবে।