জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর কখনো বাংলাদেশে ফিরতে পারবেন না। তাঁর মৃত্যু ও দাফনও বাংলাদেশে হবে না বলে মন্তব্য করেছেন তিনি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বরগুনা পৌরশহরের প্রেসক্লাবসংলগ্ন হোটেল বে-অব বেঙ্গলে এনসিপির জেলা শাখার সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সারজিস।

শেখ হাসিনার দেশত্যাগ প্রসঙ্গে সারজিস বলেন, তার অভিযোগ অনুযায়ী, শেখ হাসিনার সরকারের সময় প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছেন। এ কারণেই তিনি দেশ ছেড়ে পালিয়েছেন বলে দাবি করেন এনসিপির এই নেতা।

বিএনপি সরকারের ছয় মাস পূর্ণ হওয়ায় এখন আর ‘নতুন’ বা ‘শিশু সরকার’ হিসেবে সময় নেওয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেন সারজিস। তিনি বলেন, সরকারের সামনে এখন বিভিন্ন সংকট মোকাবিলা ও সমস্যার সমাধান করার চ্যালেঞ্জ রয়েছে।

বিএনপি নিজেদের সমস্যা স্বীকার করে সহযোগিতা চাইলে এনসিপি সহযোগিতা করতে প্রস্তুত বলেও জানান তিনি। তবে চাঁদাবাজি, প্রশাসনে ক্ষমতার অপব্যবহার ও দলীয়করণ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান সারজিস।

অপরাধীদের রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে ছাড় না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা কোনো অপরাধে জড়িত নন, তারা যে কোনো রাজনৈতিক দলে যোগ দিতে পারেন। কিন্তু অপরাধীদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। বিএনপি এ ক্ষেত্রে ছাড় দিলে ভবিষ্যতে তা তাদের জন্যই হিতে বিপরীত হতে পারে বলেও সতর্ক করেন তিনি।

সরকারের প্রতি ‘কথার ফুলঝুরি’ নয়, বাস্তব কাজ দেখানোর আহ্বান জানিয়ে সারজিস বলেন, বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি ও দ্রব্যমূল্যের সংকট মোকাবিলায় এনসিপি বিভিন্ন পরামর্শ দিয়েছে। এসব পরামর্শ বাস্তবায়নে সরকারকে আরও কার্যকর ভূমিকা নিতে হবে।

প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। সম্প্রতি নিরাপত্তা বলয় ভেদ করে এক ব্যক্তি প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার প্রসঙ্গ তুলে সারজিস বলেন, দেশের স্থিতিশীলতার স্বার্থে প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।

ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তার অভিযোগ প্রসঙ্গেও কথা বলেন সারজিস। তিনি বলেন, অপরাধীদের রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে বিচারের আওতায় আনতে হবে। বাঁধনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিশ্চিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

এ ছাড়া হামলায় চোখ হারানো অলিফের ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার না করার বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন সারজিস। অপরাধীদের রাজনৈতিক পরিচয়ের কারণে আশ্রয়-প্রশ্রয় দেওয়া হলে বিএনপি একসময় ‘অপরাধের অভয়ারণ্যে’ পরিণত হতে পারে বলে সতর্ক করেন তিনি।

সারজিস আলম জানান, আগামী স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে এনসিপি পুরোদমে প্রস্তুতি নিচ্ছে। দলটি নির্বাচনে এককভাবে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি।