সৌদি আরবের তায়েফ থেকে জেদ্দাগামী একটি গাড়ি সড়ক দুর্ঘটনার কবলে পড়ে চালকসহ চার বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে তায়েফের আল-খুরমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা জেদ্দা বিমানবন্দরে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন বলে জানা গেছে।

স্থানীয় সূত্র ও প্রবাসীদের তথ্য অনুযায়ী, নিহত চারজনের বাড়িই সিলেটের কানাইঘাট উপজেলায়। প্রাথমিকভাবে দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন—করিম উদ্দিন ও খালিদ মিয়া। নিহত অপর দুজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আকস্মিক এ দুর্ঘটনায় সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের নিজ এলাকাতেও বিরাজ করছে শোকের আবহ।

নিহত অপর দুজনের পরিচয় শনাক্ত এবং মরদেহ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াসহ প্রয়োজনীয় আইনি কার্যক্রম চলছে বলে জানা গেছে।