আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে নির্ধারিত ৩০ দিনের মধ্যে আপিল না করলে পরে আর সেই সুযোগ থাকে না বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে মাওলানা আবুল কালাম আজাদের আপিল প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

চিফ প্রসিকিউটর বলেন, আইন সবার জন্য সমান। পলাতক আসামি কিংবা কারাগারে থাকা ব্যক্তি—যে কেউ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করতে চাইলে রায় ঘোষণার ৩০ দিনের মধ্যে তা করতে হবে। নির্ধারিত সময় পার হলে সেই আপিল আর গ্রহণযোগ্য হবে না।

তিনি বলেন, মাওলানা আবুল কালাম আজাদকে ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিয়েছিলেন। দীর্ঘদিন দেশের বাইরে থাকলেও তিনি নির্ধারিত সময়ের মধ্যে আপিল করেননি। সম্প্রতি তার মামলা নিয়ে আপিল বিভাগে শুনানি হলেও তার আপিল এখনো গ্রহণ করা হয়নি। ফলে এ বিষয়ে আপিল বিভাগে বর্তমানে কোনো বিচারাধীন কার্যক্রম নেই।

আমিনুল ইসলাম আরও বলেন, ট্রাইব্যুনালের রায়ের পর ৩০ দিনের মধ্যে আপিল না করলে অন্য কোনো ফোরামেও আইনগত প্রতিকার চাওয়ার সুযোগ থাকে না। সেক্ষেত্রে রায় বাস্তবায়ন করা ছাড়া আর কোনো বিকল্প থাকে না।

তবে কোনো সাজা স্থগিত করার ক্ষেত্রে সরকারের নিজস্ব ক্ষমতা রয়েছে বলেও জানান চিফ প্রসিকিউটর। সরকারের ইচ্ছা অনুযায়ী এই ক্ষমতা যেকোনো ব্যক্তির ক্ষেত্রে প্রয়োগ করা যেতে পারে বলে তিনি উল্লেখ করেন।