ঢালিউডের চিত্রনায়িকা পূজা চেরির বিয়ে নিয়ে দীর্ঘদিন ধরেই নানা গুঞ্জন চলছে। সম্প্রতি ছড়িয়েছে, আগামী ১৬ সেপ্টেম্বর নাকি বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে যাচ্ছেন এই অভিনেত্রী। তবে এমন খবরকে ভুয়া ও মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন পূজা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুঞ্জনের বিষয়ে এক বার্তায় পূজা চেরি বলেন, মিথ্যা ও ভুয়া খবর ছড়ানো বন্ধ করতে। বিয়ের তারিখ ও অন্যান্য বিষয় তিনি নিজেই সময়মতো সবাইকে জানাবেন বলেও জানান।

এর আগে চলতি বছরের মার্চে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে গিয়ে পূজা জানিয়েছিলেন, তিনি ইতোমধ্যে ‘এনগেজড’। তবে তার জীবনসঙ্গী বিনোদন জগতের বাইরের একজন বলে জানিয়েছিলেন তিনি। তখন বাগদানের বিষয়টি নিশ্চিত করলেও হবু বরের পরিচয় ও বিয়ের তারিখ প্রকাশ করেননি।

এরপর গত আগস্টে হঠাৎ গুঞ্জন ছড়ায়, গোপনে বিয়ে সেরে ফেলেছেন পূজা। তখনও বিষয়টি অস্বীকার করেন তিনি। পূজা জানিয়েছিলেন, বিয়ে জীবনের বড় একটি সিদ্ধান্ত এবং এটি গোপনে করার কোনো ইচ্ছা তার নেই।

সময় হলে সবাইকে জানিয়ে উৎসবমুখর পরিবেশেই নতুন জীবন শুরু করবেন বলেও জানিয়েছিলেন এই অভিনেত্রী।