দেশে সাত বছর ও তদূর্ধ্ব জনগোষ্ঠীর স্বাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশে উন্নীত হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
সোমবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে ‘আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, ‘অর্থনৈতিক সমীক্ষা ২০২৫’-এর তথ্য অনুযায়ী দেশে স্বাক্ষরতার হার ৭৭ দশমিক ৯ শতাংশে পৌঁছেছে। এটি স্বাক্ষরতা সম্প্রসারণে দেশের উল্লেখযোগ্য অগ্রগতি নির্দেশ করে।
তিনি বলেন, স্বাক্ষরতার হার ৭৭ শতাংশের বেশি হওয়া আশাব্যঞ্জক। তবে এখনো দেশের একটি বড় জনগোষ্ঠী শিক্ষার মৌলিক অধিকার ও প্রয়োজনীয় দক্ষতার সুযোগ থেকে বঞ্চিত। বিদ্যালয়বহির্ভূত শিশু, ঝরে পড়া কিশোর-কিশোরী, প্রান্তিক জনগোষ্ঠী ও অনগ্রসর প্রাপ্তবয়স্কদের স্বাক্ষর ও দক্ষ করে তোলা সরকারের অন্যতম অগ্রাধিকার।
ববি হাজ্জাজ বলেন, বর্তমান বাস্তবতায় স্বাক্ষরতা শুধু নাম দস্তখত বা বর্ণমালা চেনার মধ্যে সীমাবদ্ধ নয়। এ বছরের আন্তর্জাতিক প্রতিপাদ্য ‘লিটারেসি ফর পিপল, দ্য প্ল্যানেট অ্যান্ড প্রসপারিটি’ সামনে রেখে স্বাক্ষরতাকে কর্মসংস্থান, জীবনদক্ষতা, ডিজিটাল সক্ষমতা ও পরিবেশ সচেতনতার সঙ্গে যুক্ত করা হচ্ছে।
তিনি আরও বলেন, গণমাধ্যম, বেসরকারি সংস্থা ও নাগরিক সমাজের সম্মিলিত অংশগ্রহণে প্রযুক্তি-সচেতন ও বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষম বাংলাদেশ গঠনে সরকার কাজ করে যাচ্ছে।
সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জেসমিন নাহার, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক মনোয়ারা ইশরাত এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।