চিত্রনায়িকা পরীমণির কোলে সদ্যোজাত এক শিশুর ছবি ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা। ছবিটি প্রকাশের পর থেকেই ভক্ত-অনুরাগীদের মনে একটাই প্রশ্ন—তবে কি আবারও মা হলেন পরীমণি?

সোমবার সকালে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রকাশ করেন পরীমণি। ছবিতে দেখা যায়, গাড়িতে বসে রোদচশমা পরা পরিপাটি সাজে রয়েছেন তিনি। আর তার কোলে রয়েছে ফুটফুটে এক নবজাতক।

ছবিটির সঙ্গে পরীমণি লেখেন, “তিন নাম্বার জন ডান। আলহামদুলিল্লাহ।” এরপরই নেটিজেনদের মধ্যে শুরু হয় নানা জল্পনা-কল্পনা। অনেকেই প্রশ্ন তুলেছেন, শিশুটি কি পরীমণির নতুন সন্তান?

শিশুদের প্রতি পরীমণির ভালোবাসার কথা অবশ্য অজানা নয়। নিজের সন্তানদের পাশাপাশি এর আগেও একাধিকবার শিশুদের নিয়ে তার আগ্রহের কথা জানিয়েছেন তিনি। এমনকি একাধিক সন্তানের মা হওয়ার ইচ্ছার কথাও বিভিন্ন সময়ে প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে সম্পর্কের পর তাদের ঘরে আসে প্রথম সন্তান শাহীম মোহাম্মদ পূণ্য। পরবর্তীতে রাজের সঙ্গে বিচ্ছেদের পর সন্তানকে একাই বড় করছেন পরীমণি। এরপর কন্যাশিশু দত্তক নিয়ে তার নাম রাখেন সাফিরা সুলতানা প্রিয়ম।

বর্তমানে দুই সন্তানকে নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী। কাজের পাশাপাশি সন্তানদের সঙ্গেই সময় কাটাতে দেখা যায় তাকে। সামাজিক যোগাযোগমাধ্যমেও মাঝেমধ্যে সন্তানদের সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করেন তিনি।

এদিকে নতুন ছবিতে নবজাতককে কোলে নিয়ে পরীমণিকে দেখা যাওয়ার পর থেকেই মন্তব্যের ঘরে ভক্তদের ভিড় বাড়তে থাকে। অনেকেই তাকে অভিনন্দন জানালেও শিশুটির পরিচয় জানতে চেয়েছেন অনেকে।

শিশুটির পরিচয় এবং “তিন নাম্বার জন ডান” ক্যাপশনের বিষয়ে জানতে পরীমণির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে বিষয়টি নিয়ে কথা না বলে ফোন কেটে দেন তিনি।

ফলে শিশুটিকে ঘিরে রহস্য আরও ঘনীভূত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকের ধারণা, পরীমণি হয়তো আবারও কোনো শিশুকে দত্তক নিয়েছেন। তবে শিশুটির পরিচয় বা তিনি সত্যিই তৃতীয় সন্তানের মা হয়েছেন কি না—এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি অভিনেত্রী।