দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ জেলায় ইসরায়েলি হামলায় দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন। রোববার লেবাননের বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নাবাতিয়েহ আল-ফাওকা, আরসালিম, কাফর রুম্মান ও আশপাশের এলাকায় হামলা চালানো হয়। হামলার পর আহতদের কাছে অ্যাম্বুলেন্স পৌঁছাতে বাধা দেওয়ার অভিযোগও উঠেছে। এ সময় নাবাতিয়েহ আল-ফাওকা এলাকায় ইসরায়েলি বাহিনী গোলাবর্ষণ করে বলে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।
এর আগে আরসালিমের একটি ভবন ও আশপাশের এলাকার বাসিন্দাদের অন্তত ৩০০ মিটার দূরে সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল ইসরায়েলি সামরিক বাহিনী।
ইসরায়েলি বাহিনীর দাবি, দক্ষিণ লেবাননে তাদের সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহ দুটি বিস্ফোরকবাহী ড্রোন পাঠানোর পর এসব হামলা চালানো হয়। তাদের ভাষ্য, একটি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। এতে কোনো ইসরায়েলি সেনা হতাহত হয়নি।
তবে ইসরায়েলের এই দাবির বিষয়ে হিজবুল্লাহ তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত দেশটিতে ইসরায়েলি হামলায় ৪ হাজার ৩৫৪ জন নিহত এবং ১২ হাজার ৩২৫ জন আহত হয়েছেন।
নাবাতিয়েহ ও আলি আল-তাহের পাহাড় এলাকায় সাম্প্রতিক উত্তেজনা ও সংঘর্ষের মধ্যেই নতুন করে এসব হামলা চালানো হলো। ইসরায়েলি বাহিনী এর আগে দাবি করেছিল, ওই এলাকায় হিজবুল্লাহর ভূগর্ভস্থ অবস্থান থেকে যোদ্ধাদের সরিয়ে দেওয়া হয়েছে।
সূত্র: শাফাক নিউজ এজেন্সি