বিনোদন ডেস্ক
বলিউডে কাস্টিং কাউচের অস্তিত্ব ও শিল্পীদের পারিশ্রমিক বৈষম্য নিয়ে মুখ খুলেছেন জনপ্রিয় ভারতীয় গায়িকা শ্রেয়া ঘোষাল। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, ব্যক্তিগতভাবে কাস্টিং কাউচের মতো কোনো অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি না হলেও বিনোদন জগতে এর প্রভাব রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমের প্রসারের কারণে বর্তমান সময় নারীদের জন্য আগের তুলনায় কিছুটা সুবিধাজনক বলেও মনে করেন শ্রেয়া। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম আসার আগে বিনোদন জগতে নারীদের বেশ কঠিন সময় পার করতে হতো।
মাত্র ১৩ বছর বয়সে ক্যারিয়ার শুরু করার কথা উল্লেখ করে শ্রেয়া জানান, ক্যারিয়ারের শুরুর দিকে প্রায় সব জায়গায় তার সঙ্গে বাবা-মা থাকতেন। ফলে কেউ কোনো অনাকাঙ্ক্ষিত কথা বলার চেষ্টা করলেও তা বলার সাহস পেত না।
শ্রেয়া বলেন, “সোশ্যাল মিডিয়া আসার আগে ইন্ডাস্ট্রিতে নারীদের বেশ কঠিন সময় পার করতে হতো।”
পারিশ্রমিকের ক্ষেত্রে শিল্পীদের মধ্যে বৈষম্য নিয়েও কথা বলেন এই গায়িকা। তার মতে, বিষয়টিকে শুধু নারী-পুরুষের বৈষম্য হিসেবে দেখলে পুরো বাস্তবতাটি বোঝা যাবে না। কারণ পুরুষ শিল্পীরাও অনেক সময় পারিশ্রমিক নিয়ে একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হন।
শ্রেয়ার ভাষায়, বিনোদন জগতে পারিশ্রমিক নির্ধারণের ক্ষেত্রে নানা ধরনের বাস্তবতা ও ভুল ধারণা কাজ করে। তাই বিষয়টিকে শুধু লিঙ্গভিত্তিক বৈষম্যের মধ্যে সীমাবদ্ধ না রেখে সামগ্রিক দৃষ্টিতে দেখার প্রয়োজন রয়েছে।