নিজস্ব প্রতিবেদক

নোয়াখালীকে পৃথক বিভাগ ঘোষণার দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেছেন আন্দোলনকারীরা। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে তারা শাহবাগে অবস্থান নেন। এতে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল ব্যাহত হয়ে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

আন্দোলনকারীরা জানান, জুমার নামাজ শেষে বিকেল ৩টার দিকে চকবাজারের চক মসজিদ থেকে মিছিল নিয়ে শাহবাগের উদ্দেশে রওনা হন তারা। প্রায় ৪৫ মিনিট পর শাহবাগে পৌঁছে সড়ক অবরোধ করে অবস্থান নেন।

এ সময় নোয়াখালীকে দ্রুত পৃথক বিভাগ ঘোষণার দাবিতে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা। তাদের দাবি, দীর্ঘদিনের এই দাবি দ্রুত বাস্তবায়ন করে নোয়াখালীকে পৃথক বিভাগ ঘোষণা করতে হবে।

আন্দোলনকারীরা বলেন, নোয়াখালীকে পৃথক বিভাগ ঘোষণা করা হলে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে। একই সঙ্গে বৃহত্তর নোয়াখালী অঞ্চলের মানুষের নাগরিক সেবা পাওয়ার সুযোগও বাড়বে।

এদিকে আন্দোলনকারীদের সড়ক অবরোধের কারণে শাহবাগ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর প্রভাব পড়ে আশপাশের সড়কগুলোতেও। ফলে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে কাজ করছেন। দায়িত্ব পালনরত পুলিশ সদস্যরা জানান, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন। এ বিষয়ে পরে ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য দেবেন।