নিজস্ব প্রতিবেদক

দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশকে সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বঙ্গভবনে বাংলাদেশ পুলিশের আইজিপি মো. আলী হোসেন ফকির রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, পুলিশকে অপরাধীদের দমনে কঠোর এবং সাধারণ মানুষের প্রতি ন্যায়সঙ্গত ও মানবিক আচরণ করতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠায় জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য পুলিশ সদস্যদের নির্দেশনা দেন তিনি।

এ সময় অপতথ্য, মিথ্যা তথ্য ও গুজব প্রচার, সাইবার অপরাধ, ছিনতাই, চাঁদাবাজি ও মাদকের বিস্তার রোধে কার্যকর ব্যবস্থা নিতে আইজিপিকে নির্দেশ দেন রাষ্ট্রপতি। পাশাপাশি নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলেন তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ দমনে নেওয়া পদক্ষেপ সম্পর্কে জনগণকে নিয়মিত অবহিত করা এবং এ বিষয়ে ব্যাপক জনসচেতনতা তৈরির ওপরও গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, বর্তমান সরকার মানুষের মৌলিক মানবাধিকার ও গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখতে কাজ করে যাচ্ছে। বিচারবহির্ভূত হত্যা, জনগণকে হয়রানি এবং মিথ্যা মামলা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখার জন্য বাংলাদেশ পুলিশকে নির্দেশনা দেন তিনি।

এ সময় আইজিপি পুলিশ বাহিনীর মনোবল দৃঢ় রাখা এবং বাহিনীর আধুনিকায়ন ও ডিজিটালাইজেশনে নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।

রাষ্ট্রপতি পুলিশ বাহিনীকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।