দুই মাসের যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় ফিরেছেন ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খান। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

গত ২ জুলাই রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়েন শাকিব খান। প্রায় দুই মাসের সফরে ব্যক্তিগত কাজের পাশাপাশি ব্যবসায়িক কিছু দায়িত্বও সামলেছেন এই অভিনেতা। নির্ধারিত কাজ শেষ করেই দেশে ফেরেন তিনি।

যুক্তরাষ্ট্রে যাওয়ার আগেই নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার খবর দিয়েছিলেন শাকিব। মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় নির্মিতব্য ওই সিনেমায় অভিনয় করবেন তিনি। শিগগিরই সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

তবে নতুন সিনেমার শুটিংয়ে যাওয়ার আগে পুরোনো একটি কাজ শেষ করবেন শাকিব। আগামী সপ্তাহে ‘সোলজার’ সিনেমার বাকি থাকা কয়েকটি দৃশ্যের শুটিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে তার। এই কাজ শেষ করেই নতুন সিনেমার শুটিংয়ে যোগ দেবেন তিনি।

এর আগেও সিনেমার শুটিং, পারিবারিক প্রয়োজন ও ব্যক্তিগত বিভিন্ন কাজে একাধিকবার যুক্তরাষ্ট্রে অবস্থান করেছেন শাকিব খান। তিনি যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারী হওয়ায় বছরের নির্দিষ্ট একটি সময় সেখানে অবস্থান করেন বলেও জানা গেছে।

দীর্ঘ সফর শেষে দেশে ফিরেই এখন চলচ্চিত্রের কাজে মনোযোগ দিতে যাচ্ছেন এই জনপ্রিয় অভিনেতা। ‘সোলজার’-এর বাকি কাজ শেষ করার পর নতুন সিনেমার শুটিং—সব মিলিয়ে আগামী দিনগুলো বেশ ব্যস্ততার মধ্য দিয়েই কাটবে শাকিবের।