সামাজিক যোগাযোগমাধ্যমে সাম্প্রতিক একটি মন্তব্যকে কেন্দ্র করে চিত্রনায়িকা সাদিকা পারভীন পপিকে ঘিরে শুরু হয়েছে নানা আলোচনা। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই দাবি করেন, এই অভিনেত্রী চলচ্চিত্রে অভিনয় করাকে ‘পাপ’ বলেছেন। তবে সেই দাবি নাকচ করে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী।

গণমাধ্যমকে পপি বলেন, ‘আমি আমার বক্তব্যে একবারের জন্যও বলিনি যে চলচ্চিত্রে অভিনয় করে পাপ করেছি। মানুষ কি তার নিজের ভুল বা ভুলত্রুটির জন্য সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাইতে পারে না?’

তিনি বলেন, মানুষ জেনে-না জেনে নানা ভুল করে। সেসব ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া অন্যায় নয়। নিজের জীবনের কোনো ভুলের জন্য ক্ষমা চেয়ে সংসার নিয়ে শান্তিতে থাকতে পারলে সেটি নিয়ে অযথা বিতর্ক তৈরির কোনো কারণ দেখেন না বলেও জানান তিনি।

চলচ্চিত্র সম্পর্কে নিজের অবস্থান তুলে ধরে পপি বলেন, যে শিল্প তাকে যশ, খ্যাতি ও সম্মান এনে দিয়েছে এবং যে মাধ্যমে কঠোর পরিশ্রম করে উপার্জন করেছেন ও দর্শকের ভালোবাসা পেয়েছেন, সেই চলচ্চিত্রকে ছোট করার প্রশ্নই আসে না। তিনি জানান, সিনেমাকে এখনো মন থেকে ভালোবাসেন ও শ্রদ্ধা করেন।

পপি আরও জানান, পছন্দসই গল্প পেলে ভবিষ্যতে আবারও ক্যামেরার সামনে দাঁড়াতে পারেন। বিশেষ করে নিজের জীবন ও বায়োগ্রাফি নিয়ে নির্মিত কোনো চলচ্চিত্রে অভিনয়ের প্রতি তার বিশেষ আগ্রহ রয়েছে।

এ ছাড়া ভবিষ্যতে নিয়মিত অভিনয় করুন বা না করুন, প্রযোজক হিসেবে আবারও পর্দার আড়ালে ও সামনে কাজ করার ইচ্ছা রয়েছে বলে জানিয়েছেন এই তারকা।