দক্ষিণ ইরানের বিভিন্ন এলাকায় যুক্তরাষ্ট্রের চালানো হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৭৬ জন আহত হয়েছেন। বুধবার (২ সেপ্টেম্বর) ইরানি কর্মকর্তাদের বরাতে দেশটির রাষ্ট্রীয় ও রাষ্ট্র-সমর্থিত সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
হরমুজগান প্রদেশের সিরিক কাউন্টির উপকূলীয় কুহেস্তাক এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে হামলায় সবচেয়ে বেশি বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে।
ইরানি রেড ক্রিসেন্টের বরাত দিয়ে ফার্স নিউজ জানিয়েছে, ওই হামলায় ৫ জন নিহত ও ৬৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে বলে জানানো হয়েছে। রয়টার্সও জানিয়েছে, হামলায় বিয়ের অনুষ্ঠানে থাকা বেসামরিক লোকজন হতাহত হয়েছেন।
এদিকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশের কর্মকর্তারা জানিয়েছেন, আহভাজ ও আগাজারি এলাকার তিনটি স্থানে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ৭ জন নিহত এবং ৮ জন আহত হয়েছেন। এই দুই ঘটনায় ইরানি কর্তৃপক্ষের দেওয়া হিসাবে মোট ১২ জন নিহত ও ৭৬ জন আহত হয়েছেন।
ইরানি সংবাদমাধ্যমগুলোর দাবি, বান্দার আব্বাস, কেশম, জাস্ক এবং চাবাহার ও কোনারাকের আশপাশের এলাকাতেও মার্কিন হামলা হয়েছে। তবে এসব হামলায় হতাহতের পূর্ণাঙ্গ তথ্য এখনো পাওয়া যায়নি।
ফলে হামলার পর ইরানে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একই সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তীব্র হয়েছে।