ছোট পর্দার অভিনেত্রী নাজনীন নাহার নীহা অল্প সময়েই অভিনয়ের মাধ্যমে দর্শকদের নজর কেড়েছেন। তবে অভিনয়ের পাশাপাশি তার ব্যক্তিগত জীবন নিয়েও চলছে নানা আলোচনা। বিশেষ করে পাকিস্তানি এক যুবকের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে কৌতূহল তৈরি হয়েছে ভক্তদের মধ্যে।
যদিও সম্পর্কের বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি নীহা। তবে সম্প্রতি তিনি জানিয়েছেন, তার বিয়ে ঠিক হয়ে আছে এবং তিনি ‘এংগেজড’। তবে পাত্র কে বা কোথাকার—সে বিষয়ে কিছুই প্রকাশ করেননি এই অভিনেত্রী।
এরই মধ্যে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করছেন নীহা। কিছুদিন আগে হলুদ আলোয় তোলা কয়েকটি ছবি প্রকাশের পর নেটিজেনদের কেউ কেউ প্রশ্ন করেন, ছবিগুলো পাকিস্তানে তোলা কি না। তবে এসব মন্তব্যের কোনো উত্তর দেননি তিনি।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নতুন কয়েকটি ছবি প্রকাশ করে সেই জল্পনায় যেন নতুন মাত্রা যোগ করেছেন নীহা। পাহাড় ও হ্রদের মনোরম পরিবেশে বেঞ্চে বসা অবস্থায় তার কয়েকটি ছবি নজর কেড়েছে ভক্তদের। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সম্ভবত, এটাই যথেষ্ট।’
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ছবিগুলোর সঙ্গে নেপালের পোখারাতে চেক-ইন দিয়েছেন অভিনেত্রী। এর মধ্য দিয়ে তিনি হয়তো বোঝাতে চেয়েছেন, সাম্প্রতিক ভ্রমণটি পাকিস্তানে নয়, বরং নেপালেই।
এর আগে ইনস্টাগ্রামেও পোখারার বেশ কিছু ছবি প্রকাশ করেছেন নীহা। কোথাও তাকে একা দেখা গেছে, আবার কোথাও সফরসঙ্গীদের সঙ্গে। তবে একটি ছবি বিশেষভাবে আলোচনায় এসেছে। সেখানে পাহাড়ের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকা নীহার কোমর জড়িয়ে রয়েছেন এক যুবক। ছবিটি পেছন থেকে তোলা হওয়ায় ওই যুবকের মুখ দেখা যায়নি। তবে ছবিটি ঘিরে নেটিজেনদের মধ্যে নতুন করে প্রশ্ন উঠেছে—তাহলে কি এই যুবকই নীহার সেই কথিত প্রেমিক বা জীবনসঙ্গী?
তবে এ বিষয়ে অভিনেত্রীর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা জল্পনার সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে অভিনয়েও ব্যস্ততা রয়েছে নীহার। সর্বশেষ তাকে দেখা গেছে ইমরাউল রাফাতের নাটক ‘মনের মতো মন’-এ। এতে তার সঙ্গে অভিনয় করেছেন ইয়াশ রোহান। প্রকাশের মাত্র ১১ দিনের মধ্যেই নাটকটির ভিউ ১ কোটি ৩০ লাখ ছাড়িয়েছে বলে জানা গেছে।