অভিনয় থেকে অনেকটা আড়ালে থাকলেও চিত্রনায়িকা সাদিকা পারভীন পপিকে ঘিরে আলোচনা থেমে নেই। কখনো ব্যক্তিজীবন, কখনো পুরোনো বক্তব্য—বিভিন্ন কারণে মাঝেমধ্যেই খবরের শিরোনামে আসেন এই অভিনেত্রী। সম্প্রতি জীবনের বাকি সময় ধর্মীয় অনুশীলনের মধ্য দিয়ে কাটানোর ইচ্ছা প্রকাশ করে আবারও আলোচনায় এসেছেন তিনি।

পপির সেই বক্তব্যের পর এবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভাবনা তুলে ধরেছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সোমবার (৩১ আগস্ট) নিজের ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে শিল্পীর পরিচয়, সংস্কৃতিচর্চা, শিক্ষা ও মূল্যবোধ নিয়ে কথা বলেন তিনি।

তবে প্রভার পুরো পোস্টে কোথাও পপির নাম উল্লেখ করা হয়নি। পপির সাম্প্রতিক বক্তব্যের পরপরই পোস্টটি সামনে আসায় বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা শুরু হয়েছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে পপি জানান, জীবনের বাকি সময়টা আল্লাহ-খোদার নাম নিয়ে কাটাতে চান। অতীতে জীবনে যেসব পাপ করেছেন, সেগুলো থেকে মুক্ত হয়ে সুন্দরভাবে মৃত্যুবরণ করার প্রত্যাশার কথাও জানান তিনি। তার এমন বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।

এরই মধ্যে প্রভা তার ফেসবুক পোস্টে লেখেন, ‘একটা পরিচয় যদি একদিন আপনাকে সম্মান, যশ, খ্যাতি, অর্থ আর মানুষের ভালোবাসা দিয়ে থাকে, তাহলে সেই পরিচয়ের জন্য লজ্জিত হওয়ার আগে বরং নিজের মূল্যবোধ নিয়ে প্রশ্ন করবেন।’

সংস্কৃতিচর্চায় যুক্ত হওয়ার ক্ষেত্রে শিক্ষা ও মূল্যবোধকে গুরুত্ব দেওয়ার কথাও বলেন এই অভিনেত্রী। তিনি লেখেন, ‘আমি চাই না অশিক্ষা, অজ্ঞতা আর সংস্কৃতির প্রতি অসম্মান নিয়ে কেউ সংস্কৃতিচর্চায় আসুক। আমি চাই, যারা আসবে তারা শিক্ষা নিয়ে আসুক, মূল্যবোধ নিয়ে আসুক, সংস্কৃতিবোধ নিয়ে আসুক এবং সবচেয়ে বেশি, নিজের পরিচয়ের প্রতি সম্মান নিয়ে আসুক।’

শিল্পীর মর্যাদা প্রসঙ্গেও নিজের অবস্থান তুলে ধরেন প্রভা। তার ভাষায়, ‘শিল্প কোনো পাপ নয়। শিল্প একটি পরিচয়। শিল্প একটি সংস্কৃতি। আর একজন শিল্পীকে অসম্মান করা কোনোভাবেই সভ্যতার শিক্ষা নয়।’

প্রভার পোস্ট প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সেটি নিয়ে আলোচনা চলছে। অনেকেই পপির সাম্প্রতিক মন্তব্যের সঙ্গে প্রভার বক্তব্যের যোগসূত্র খুঁজছেন। তবে প্রভা তার পোস্টে কারও নাম উল্লেখ করেননি কিংবা সরাসরি কাউকে উদ্দেশ্য করেও কোনো মন্তব্য করেননি।

তাই পোস্টটি পপির বক্তব্যের প্রতিক্রিয়ায় দেওয়া হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

অভিনয় থেকে দীর্ঘদিন দূরে থাকা পপিকে নিয়ে এর আগেও বিভিন্ন সময়ে আলোচনা হয়েছে। এবার তার ধর্মীয় জীবনযাপনের ইচ্ছা প্রকাশ এবং এর পরপরই প্রভার শিল্প ও মূল্যবোধ নিয়ে দেওয়া পোস্ট—দুইয়ে মিলে নতুন করে সরব হয়েছে দেশের বিনোদন অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যম।