ফ্রন্টলাইন বাংলাদেশ | রাজনৈতিক ডেস্ক
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টা ১৭ মিনিটে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়াউর রহমানের সমাধিসৌধে আসেন তারেক রহমান। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্যসহ কেন্দ্রীয় নেতাদের নিয়ে তিনি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে পুষ্পমাল্য অর্পণ করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে ফাতেহা পাঠ করে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারপারসনের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাতে অংশ নেন বিএনপির নেতারা।
এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, সালাহ উদ্দিন আহমদ, সেলিমা রহমান, এজেডএম জাহিদ হোসেন, রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম ও ইসমাইল জবিহউল্লাহসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি, চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মাসুদ আহমেদ তালুকদার, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, আবদুস সালাম আজাদ, কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, প্রচার সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকুসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
তারেক রহমানের শ্রদ্ধা নিবেদনের পর নিরাপত্তা বেষ্টনি তুলে নেওয়া হলে সমাধি প্রাঙ্গণে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামে। বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাধি প্রাঙ্গণে প্রবেশ করেন। এ সময় ‘শুভ শুভ শুভ দিন, বিএনপির জন্মদিন’ এবং ‘এক জিয়া লোকান্তরে, লক্ষ জিয়া ঘরে ঘরে’সহ বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে শেরেবাংলা নগর।
ঢাকা মহানগর বিএনপি উত্তর ও দক্ষিণ, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মুক্তিযোদ্ধা দল, কৃষক দল, মহিলা দল, তাঁতী দল, মৎস্যজীবী দল, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব), জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকেও প্রয়াত নেতার কবরে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।
এর আগে মঙ্গলবার ভোরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এবং গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি কেন্দ্রীয়ভাবে পাঁচ দিনের কর্মসূচি পালন করছে। কর্মসূচির মধ্যে সারাদেশে বৃক্ষরোপণ ও মৎস্য অবমুক্তকরণ রয়েছে। আগামী ৫ সেপ্টেম্বর রাজধানীতে কেন্দ্রীয়ভাবে আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের চেয়ারম্যান তারেক রহমান ও ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী পৃথক বিবৃতিতে নেতাকর্মীদের অভিনন্দন জানিয়েছেন।
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বিএনপি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার ৪৮ বছর পর এবার এমন এক সময়ে দলটি প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে, যখন দীর্ঘ বিরতির পর আবারও রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছে বিএনপি এবং তারেক রহমান প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।