ব্যক্তিজীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় এতদিন আড়ালে রাখলেও এবার নিজের বিয়ের খবর প্রকাশ্যে এনেছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী মিষ্টি জান্নাত।

হঠাৎ কোনো আনুষ্ঠানিক ঘোষণা নয়, বরং সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইলে ‘গট ম্যারিড’ যুক্ত করার মাধ্যমে বিবাহিত জীবনের ইঙ্গিত দিয়েছিলেন তিনি। এরপর বিষয়টি নিয়ে শুরু হয় নানা আলোচনা। শেষ পর্যন্ত এক সাক্ষাৎকারে নিজের বিয়ের খবর নিশ্চিত করেছেন এই অভিনেত্রী।

মিষ্টি জানিয়েছেন, তার জীবনসঙ্গী একজন ব্যবসায়ী। তবে ব্যবসার পাশাপাশি মিডিয়া অঙ্গনের সঙ্গেও তার কিছুটা যোগাযোগ রয়েছে। আপাতত স্বামীর পরিচয় নিয়ে রহস্য রাখতে চান তিনি। নাম, পেশার বিস্তারিত কিংবা বিয়ের নির্দিষ্ট তারিখ—কোনোটিই এখন প্রকাশ করতে রাজি নন অভিনেত্রী।

মিষ্টির ভাষ্য অনুযায়ী, তাদের বিয়ে বাংলাদেশেই হয়েছে। তবে ঠিক কোথায় এবং কবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে, তা জানাতে চাননি তিনি। এমনকি তাদের সম্পর্ক কতদিনের, সেটিও প্রকাশ করেননি।

তবে মিষ্টি জানিয়েছেন, তাদের সম্পর্কটি পারিবারিকভাবে ঠিক করা নয়। ভালোবাসার সম্পর্ক থেকেই বিয়ে করেছেন তারা।

বিয়ের খবর এতদিন গোপন রাখার কারণ হিসেবে ব্যক্তিগত গোপনীয়তার কথা জানিয়েছেন মিষ্টি। তার মতে, ব্যক্তিজীবনের সব তথ্য একসঙ্গে প্রকাশ করে দিলে মানুষের আগ্রহের জায়গাটি আর থাকে না। তাই কিছু বিষয় আপাতত নিজের কাছেই রাখতে চান তিনি।

তবে স্বামীকে সবসময় আড়ালে রাখার পরিকল্পনা নেই মিষ্টির। উপযুক্ত সময় এলে তাকে সবার সামনে পরিচয় করিয়ে দেবেন বলে জানিয়েছেন। এমনকি ভবিষ্যতে ইতালিতে কোনো অনুষ্ঠানের মাধ্যমে স্বামীকে প্রকাশ্যে আনার কথাও মজার ছলে বলেছেন অভিনেত্রী।

মিষ্টি আরও জানান, বিয়েটি কোনো আকস্মিক সিদ্ধান্ত ছিল না। বেশ কিছুদিন আগেই তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। ব্যক্তিগত কিছু কারণেই এতদিন বিষয়টি প্রকাশ্যে আনেননি তিনি।

বিয়ের খবর গোপন রাখার পেছনে আরও একটি কারণ রয়েছে বলে জানান মিষ্টি। তার দাবি, প্রেম ও বিয়ে নিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে নিয়মিত বিরক্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে তাকে। কেউ ফোন করে দেখা করার আগ্রহ প্রকাশ করতেন, আবার কেউ বিদেশে গিয়ে দেখা করার প্রস্তাবও দিতেন। এমনকি সরাসরি প্রেমের প্রস্তাবও পেয়েছেন তিনি।

এসব ঘটনায় একপর্যায়ে বিরক্ত হয়ে যান মিষ্টি। তার মতে, একজন অভিনেত্রী হওয়ার কারণে তার ব্যক্তিগত পরিসরে যেকোনো সময় ফোন করে দেখা করতে চাওয়া কিংবা ব্যক্তিগত জীবনে প্রবেশের চেষ্টা করা গ্রহণযোগ্য নয়। এসব অভিজ্ঞতার কারণেই শেষ পর্যন্ত বিয়ের খবর প্রকাশ্যে আনার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এদিকে বিয়ে হলেও এখনই পুরোপুরি সংসারজীবনে প্রবেশ করেননি বলে জানিয়েছেন মিষ্টি। বর্তমানে নিজের মতো করে সময় কাটাচ্ছেন তিনি। সামনে স্বামীর সঙ্গে সুন্দর ও স্বাভাবিক সংসারজীবন গড়ে তুলতে চান এই অভিনেত্রী।

নতুন জীবনের পথচলার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন মিষ্টি জান্নাত।