বিনোদন প্রতিবেদক

নতুন নাটক নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন অভিনেত্রী আইশা খান। ‘মন মায়াতে’ নামের এই নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন ইয়াশ রোহান। ভিন্নধর্মী প্রেমের গল্পের নাটকটি শিগগিরই ‘নাটক বাড়ি’ ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

‘মন মায়াতে’ নাটকটির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন রহমান মোস্তাফিজ পাভেল। সংলাপ রচনা ও পরিচালনায় রয়েছেন মিশুক মিঠু।

নাটকটিতে ইয়াশ রোহান ও আইশা খানের পাশাপাশি অভিনয় করেছেন দীপা খন্দকার, মাসুম বাসার, শিল্পী সরকার, আশরাফুল আশীষ, অদিতি জামান স্নেহা, আরিয়া নূর সিদ্দিকীসহ আরও অনেকে।

এর আগে ‘প্রেমের তরী’ নাটকে জুটি বেঁধেছিলেন ইয়াশ ও আইশা। নাটকটি দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল। সেই সাফল্যের পর এবার নতুন গল্প ও ভিন্ন চরিত্রে আবারও একসঙ্গে দেখা যাবে এই জুটিকে।

নতুন নাটক প্রসঙ্গে আইশা খান বলেন, কিছু গল্প চেনা জগতের নানা ঘটনা তুলে ধরে দর্শকের মনে গভীর ছাপ ফেলে। ‘মন মায়াতে’ তেমনই একটি গল্প। নাটকটি দর্শকদের বিনোদন দেওয়ার পাশাপাশি যাপিত জীবন নিয়েও ভাবাবে বলে প্রত্যাশা করছেন তিনি।

এদিকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা পাওয়ার পর সম্প্রতি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আইশা খান অভিনীত সিনেমা ‘শেকড়’। প্রসূন রহমান পরিচালিত সিনেমাটিতে শেকড়ের টান, দেশ, পরিবার, পরিচয়, স্মৃতি, বিশ্বাস ও ভালোবাসার নানা দিক উঠে এসেছে।

সিনেমাটিতে ফাল্গুনী নামের এক তরুণীর চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কেড়েছেন আইশা। নাটক ও সিনেমায় অভিনয়ের পাশাপাশি উপস্থাপনাতেও ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। মডেলিংয়েও রয়েছে তার কাজের অভিজ্ঞতা।

সব মিলিয়ে অভিনয়, উপস্থাপনা ও মডেলিং—তিন ক্ষেত্রেই ব্যস্ত সময় পার করছেন আইশা খান। নতুন নাটক ‘মন মায়াতে’ দিয়ে এবার দর্শকদের কতটা মুগ্ধ করতে পারেন, সেটিই এখন দেখার অপেক্ষা।