বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। সুদূর প্যারিসে গিয়ে হঠাৎ প্রচণ্ড জ্বরে আক্রান্ত হয়ে শয্যাশায়ী হয়ে পড়েন তিনি। শারীরিক অসুস্থতায় যখন মন ও শরীর—দুটোই ভেঙে পড়েছিল, ঠিক তখনই এক অপ্রত্যাশিত ভালোবাসায় সিক্ত হলেন এই অভিনেত্রী।

প্রীতির অসুস্থতার খবর পেয়ে তার মন ভালো করতে বিশেষ এক চমক পাঠান প্যারিসে বসবাসরত এক প্রতিবেশী পরিবার। আর সেই ছোট্ট কিন্তু আন্তরিক উদ্যোগেই মুহূর্তে হাসি ফুটে ওঠে অভিনেত্রীর মুখে।

মূলত এক বন্ধুর মাধ্যমে প্রীতির অসুস্থতার খবর জানতে পারে প্যারিসে বসবাসকারী ওই পরিবারটি। এরপর আর দেরি না করে অভিনেত্রীকে দ্রুত সুস্থতার শুভকামনা জানিয়ে শহরের একটি বিশেষ রেস্তোরাঁ থেকে তার পছন্দের খাবার ‘কড়ি-চাওয়াল’ পাঠিয়ে দেয় তারা।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে দেখা যায়, খাবারের বক্স খুলে নিজের পছন্দের কড়ি-চাওয়াল দেখে আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠেন প্রীতি। এই আন্তরিক উদ্যোগের জন্য ওই পরিবারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

প্রীতি জানান, পাঞ্জাবি আতিথেয়তার যে আলাদা এবং বিশ্বজোড়া সুনাম রয়েছে, এই ঘটনা যেন তারই এক অনন্য দৃষ্টান্ত। একই সঙ্গে প্যারিসে গেলে সবাইকে ওই নির্দিষ্ট রেস্তোরাঁর খাবার পরখ করে দেখার পরামর্শও দিয়েছেন তিনি।

অভিনেত্রীর ভাষায়, এই উষ্ণ ভালোবাসা ও পরোপকারী মনোভাব তিনি আজীবন মনে রাখবেন।

উল্লেখ্য, দীর্ঘ আট বছর পর সম্প্রতি ‘বাটওয়ারা ১৯৪৭’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় ফিরেছেন প্রীতি জিনতা। রাজকুমার সন্তোষী পরিচালিত সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেছেন সানি দেওল। ছবিটি গত ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

দীর্ঘ বিরতির পর আবার ক্যামেরার সামনে দাঁড়ানো নিয়ে শুরুতে কিছুটা উদ্বিগ্ন ছিলেন প্রীতি। প্রথম দিনের কঠিন শুটিংয়ের চাপও ছিল। তবে সহ-অভিনেতা সানি দেওলের আন্তরিক সহযোগিতায় দ্রুতই স্বাভাবিক হয়ে ওঠেন তিনি।

এর আগে ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘ভাইয়াজি সুপারহিট’ সিনেমায় পূর্ণাঙ্গ চরিত্রে সর্বশেষ দেখা গিয়েছিল প্রীতি জিনতাকে।