রংপুর মহানগরীর মাছুয়াপাড়ায় শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও দুই সন্তান হত্যাকাণ্ডকে ঘিরে ওঠা সব প্রশ্নের পেশাদারিত্বের সঙ্গে জবাব খুঁজে বের করার কথা জানিয়েছেন রংপুর মহানগর পুলিশের (আরএমপি) নতুন কমিশনার মাহবুবুর রশীদ।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দায়িত্ব নেওয়ার পর শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে নগরীর মাছুয়াপাড়ায় গণপতি চক্রবর্তীর বাড়িতে হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
নতুন পুলিশ কমিশনার বলেন, ‘তদন্ত আসলে একটি চলমান প্রক্রিয়া। তদন্তের ধারাবাহিকতায় অনেক প্রশ্ন আসবে। সেই প্রশ্নগুলোর পেশাদারিত্বের সঙ্গে জবাব খোঁজাটাই আমাদের দায়িত্ব। আমরা সে কাজগুলো করছি। আমার জন্য এই মামলা সম্পর্কে এখন কিছু বলাটা খুব আগাম হয়ে যাবে।’
তিনি বলেন, ‘এটি একটি চাঞ্চল্যকর ঘটনা। এ মামলা নিয়ে সারা দেশে নানা ধরনের কথাবার্তা হচ্ছে। প্রতিটি কথাবার্তার সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ করে সেগুলোর যথাযথ জবাব দিয়ে মামলাটিকে সঠিক পর্যায়ে নিয়ে আদালতে চার্জশিট দাখিলের মাধ্যমে যাতে সুবিচার নিশ্চিত হয়, আমরা সেই চেষ্টাই করছি।’
গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে পানি দিয়ে আলামত ধুয়ে ফেলার অভিযোগের বিষয়ে জানতে চাইলে মাহবুবুর রশীদ বলেন, ‘আমিও আপনাদের মতোই শুনেছি। আলামত আসলে ধুয়ে ফেলার কিছু নেই। এটি একটি ক্রাইম সিন, সেটা সংরক্ষণ করা আছে। তবে এ বিষয়ে আমার কাছে সুস্পষ্ট কোনো তথ্য নেই। আমি গতকালই যোগ দিয়েছি। আপনারা যেহেতু বলেছেন, আমি বিষয়টি দেখব।’
ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে কী দেখেছেন—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি আসলে এসেছি কেবল। ইতিপূর্বে মামলার যে অগ্রগতি, সেটা আপনাদের পূর্ববর্তী কমিশনার মহোদয় সময়মতো ব্রিফ করেছেন। আমি আপাতত সেই জায়গাতেই থাকতে চাই।’
মামলার তদন্তে নতুন কোনো তথ্য বা সূত্র পাওয়া গেলে তা পুলিশকে জানানোর আহ্বান জানিয়ে কমিশনার বলেন, ‘এরপর যদি নতুন কোনো ক্লু আসে, আপনারাও দেবেন, আমরা তদন্ত করব। আসলে কাজটা পুলিশেরই। আর আপনাদের কাছ থেকে আমাদের সহযোগিতা প্রয়োজন।’
মাদক নিয়ে দৃশ্যমান পরিবর্তনের আশ্বাস
এদিকে, রংপুর মহানগরীতে মাদকের বিস্তার নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নতুন পুলিশ কমিশনার বলেন, মাদক শুধু রংপুরের সমস্যা নয়, এটি পুরো বাংলাদেশের একটি সামাজিক সমস্যা।
তিনি বলেন, ‘আজ সকালে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বসে মাদকের বিষয়ে কিছুটা ধারণা নেওয়ার চেষ্টা করেছি।’
মাদক নিয়ন্ত্রণে পুলিশের পরিকল্পনার কথা তুলে ধরে মাহবুবুর রশীদ বলেন, ‘আগামী এক সপ্তাহ আমি সবাইকে সময় দিয়েছি। আপনারা রংপুর শহরে দৃশ্যমান কিছু পরিবর্তন লক্ষ্য করবেন।’
এর আগে গত ১২ আগস্ট রংপুর মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদকে রেঞ্জ ডিআইজি হিসেবে পদায়ন করা হয়। তিনি বৃহস্পতিবার নতুন পদে দায়িত্ব গ্রহণ করেন। এরপর রংপুর মহানগর পুলিশের নতুন কমিশনার হিসেবে মাহবুবুর রশীদ দায়িত্ব নেন।
উল্লেখ্য, গত শনিবার রাতে রংপুর নগরের কামাল কাছনা এলাকার মাছুয়াপাড়ার একটি বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে আগামী চক্রবর্তী (২৫) এবং ছেলে আয়ুশ চক্রবর্তীর (১২) লাশ উদ্ধার করা হয়।