বলিউড বাদশা শাহরুখ খানের স্বপ্নের ইমারত ‘মান্নাত’। মুম্বাইয়ের এই ঐতিহ্যবাহী প্রাসাদটি তার ভক্তদের কাছে পীঠস্থানের মতোই। জন্মদিন, ঈদ কিংবা সিনেমা মুক্তির দিনে বান্দ্রার এই বাংলোর সামনে ভিড় করেন অগণিত অনুরাগী।

এবার সেই ‘মান্নাত’কে নতুন রূপে সাজাতে বিপুল অর্থ খরচ করছেন শাহরুখ খান ও তার স্ত্রী গৌরী খান। বলিউডে গুঞ্জন, রাজকীয় এই বাংলোর আধুনিকীকরণ ও সংস্কারকাজে তারকা দম্পতি আনুমানিক ২২৫ কোটি টাকা ব্যয় করছেন।

১৯১৪ সালে নির্মিত প্রায় আড়াই হাজার বর্গমিটারের এই ঐতিহ্যবাহী বাংলোটি বর্তমানে ছয়তলা থেকে আটতলায় উন্নীত করা হচ্ছে। পুরো প্রাসাদও ঢেলে সাজানো হচ্ছে নতুন পরিকল্পনায়।

শাহরুখের সহধর্মিণী গৌরী খান নিজেও একজন খ্যাতনামা ইন্টেরিয়র ডিজাইনার। তার পরিকল্পনার পাশাপাশি দেশ-বিদেশের কয়েকজন স্থপতি ও বিশেষজ্ঞের পরামর্শে ‘মান্নাত’ সংস্কারের কাজ এগিয়ে চলছে। দীর্ঘ দেড় বছর পর সংস্কার শেষে আবারও নিজের প্রিয় ঠিকানায় ফিরতে চলেছেন কিং খান ও তার পরিবার।

বছর দুয়েক আগে ‘মান্নাত’ সংস্কারের পরিকল্পনা নেওয়ার পর নানা প্রতিকূলতার মুখে পড়তে হয়েছিল শাহরুখদের। হেরিটেজ ভবন হওয়ায় প্রশাসনিক অনুমতি পেতে বেগ পেতে হয়। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। শেষ পর্যন্ত প্রয়োজনীয় অনুমতি পাওয়ার পর শুরু হয় সংস্কারকাজ।

সংস্কার চলাকালে মুম্বাইয়ের পালি হিলে অভিনেতা-প্রযোজক জ্যাকি ভাগনানির বাড়িতে ভাড়া থাকেন শাহরুখ। তিন বছরের লিজে প্রতি মাসে ১১ দশমিক ৫৪ লাখ টাকা ভাড়ায় বিলাসবহুল ওই বাংলোতে থাকতেন তিনি।

বর্তমানে ‘মান্নাত’-এর নতুন দুটি তলার কাজ শেষ হয়েছে। বাকি কাজও আগামী দুই থেকে তিন মাসের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। আসন্ন দিওয়ালি উদযাপনেই হয়তো আবার ‘মান্নাত’-এর সেই বিখ্যাত বারান্দায় দেখা যাবে শাহরুখ খানকে।

খুব শিগগিরই নতুন রূপে সাজানো ‘মান্নাত’-এ রাজকীয় প্রত্যাবর্তন ঘটতে যাচ্ছে বলিউডের বাদশার।

সূত্র: সংবাদ প্রতিদিন