ফ্রন্টলাইন বাংলাদেশ | আন্তর্জাতিক ডেস্ক

ভারতের উত্তরপ্রদেশের কানপুরে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। বৃহস্পতিবার গঙ্গা নদীর তীরবর্তী একটি মাঠে দুই ইঞ্জিনবিশিষ্ট চার আসনের প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নিহতরা হলেন গুজরাটের শচিন ভাটিয়া ও কর্নাটকের অভিষেক পূজারি। পুলিশ জানিয়েছে, তাদের একজন প্রশিক্ষণার্থী এবং অন্যজন প্রশিক্ষক ছিলেন।

স্থানীয় কর্মকর্তারা জানান, কানপুরের গার্গ এভিয়েশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে সকাল সাড়ে ১১টার দিকে উড্ডয়ন করেন তারা। প্রায় ২০ মিনিট পর প্রশিক্ষণ কেন্দ্রে ফেরার সময় বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়।

কানপুর নগরের পুলিশ কমিশনার রঘুবীর লাল জানান, নিহত প্রশিক্ষকের প্রায় ৩ হাজার ঘণ্টা উড্ডয়নের অভিজ্ঞতা ছিল।

দুর্ঘটনার খবর পেয়ে জরুরি সেবা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। দুর্ঘটনাস্থলে বিমানের ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়। ধাতব অংশগুলো দুমড়েমুচড়ে যায় এবং ডানা ও সাদা প্যানেলের বিভিন্ন অংশ ভেঙে পড়ে।

দুর্ঘটনার কারণ তদন্তাধীন

বিমানটি ঠিক কী কারণে নিয়ন্ত্রণ হারিয়েছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

দুর্ঘটনার বিষয়টি ভারতের বেসামরিক বিমান চলাচল মহাপরিচালকের দপ্তরকে জানানো হয়েছে। সংস্থাটির একটি দল দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত করবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

জানা গেছে, দুর্ঘটনাকবলিত প্রশিক্ষণ বিমানটি ২০২৩ সালে ওই প্রশিক্ষণ কেন্দ্রে আনা হয়েছিল।

এদিকে, দুই পাইলটের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি নিহতদের আত্মার শান্তি কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি কামনা করেছেন।

দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্তের ফলাফলের অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।