বিনোদন প্রতিবেদক

বিদ্যা সিনহা মিম অভিনীত নতুন সিনেমা ‘জীবন অপেরা’। আলভী আহমেদ পরিচালিত সিনেমাটির শুটিং ও ডাবিং ইতোমধ্যে শেষ করেছেন মিম। এখন অপেক্ষা প্রেক্ষাগৃহে মুক্তির। চলতি বছরই সিনেমাটি মুক্তি পাবে বলে আশা করছেন এই অভিনেত্রী। তবে এখনো মুক্তির তারিখ চূড়ান্ত হয়নি।

সিনেমাটির মুক্তি প্রসঙ্গে মিম বলেন, ‘আশা করছি, এই বছরই সিনেমাটি মুক্তি পাবে। পরিচালকই সবকিছু চূড়ান্ত করবেন। এটুকু বলতে পারি, জীবন অপেরা ভালো একটি সিনেমা হতে যাচ্ছে। দর্শকদের ভালো লাগবে।’

‘জীবন অপেরা’য় নিজের চরিত্র কিংবা গল্প নিয়ে এখনই বিস্তারিত জানাতে চান না মিম। তিনি বলেন, ‘ভীষণ ভালো লেগেছে কাজটি করতে। শুটিং ও ডাবিং করে দারুণ লেগেছে। সত্যি কথা বলতে, এখন বেশি কিছু বলা যাবে না। চরিত্রটি নিয়েও কিছু বলতে চাই না। মুক্তির সময় আসুক, তখন সব জানা যাবে।’

নতুন এই সিনেমাটি ক্যারিয়ারে ইতিবাচক প্রভাব ফেলবে বলেও আশাবাদী মিম। তার মতে, ভালো গল্পের পাশাপাশি একটি গোছানো টিমও সিনেমার সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ।

মিম বলেন, ‘পরিচালক আলভী আহমেদ খুব যত্ন ও ভালোবাসা দিয়ে কাজটি করেছেন। টিমটিও বেশ গোছানো ছিল। যে কোনো সিনেমা কিংবা ওটিটির কাজ হোক, টিম সুন্দর হলে কাজটাও সুন্দর হয়।’

ঢাকার বিভিন্ন লোকেশনে ‘জীবন অপেরা’র শুটিং হয়েছে। পাশাপাশি ঢাকার বাইরেও সিনেমাটির কিছু অংশের দৃশ্যধারণ করা হয়েছে।

এদিকে মিমের হাতে নতুন আরও কয়েকটি সিনেমার প্রস্তাব রয়েছে। তবে গল্প ও চরিত্র পছন্দ না হলে কোনো কাজেই যুক্ত হতে চান না তিনি। মিম বলেন, ‘একাধিক স্ক্রিপ্ট আমার কাছে এসেছে। গল্প ও চরিত্র ভালো লাগলেই চূড়ান্ত করব। আমি চাই ভালো ভালো সিনেমায় নিজেকে দেখতে। এমন সিনেমা করতে চাই, যেগুলো দর্শক অনেক দিন মনে রাখবেন। আমার অভিনয়ের কথাও দীর্ঘদিন মনে রাখবেন।’

ওটিটিতেও বেছে বেছে কাজ করতে চান এই অভিনেত্রী। সর্বশেষ ‘লাইফলাইন’ দিয়ে প্রশংসা পেয়েছেন তিনি। গল্প ও চরিত্রের বৈচিত্র্যই কাজটিকে তার কাছে বিশেষ করে তুলেছে। ভবিষ্যতেও ওটিটিতে ভিন্নধর্মী গল্পে কাজ করতে আগ্রহী মিম।

ছোটপর্দা থেকে দূরে থাকার কারণ প্রসঙ্গে মিম জানান, এর পেছনে বিশেষ কোনো কারণ নেই। আপাতত সিনেমা ও ওটিটিতেই অভিনয় করতে চান তিনি। তবে নাটকে আর ফিরবেন না—এমন সিদ্ধান্তও নেননি। সুযোগ ও সময় মিললে ভবিষ্যতে আবার নাটকে অভিনয় করতে পারেন বলে জানান তিনি।

ক্যারিয়ারের এই পর্যায়ে মিমের চাওয়া মূলত ভালো গল্প ও শক্তিশালী চরিত্র। অতীতে দর্শকের ভালোবাসা পাওয়া সিনেমার পাশাপাশি দেশের বাইরেও কাজ করেছেন তিনি। এবার ‘জীবন অপেরা’র মতো আরও কিছু ব্যতিক্রমী সিনেমায় নিজেকে দেখতে চান এই অভিনেত্রী। তার প্রত্যাশা, নতুন কাজগুলোও দর্শকের মনে দীর্ঘদিন জায়গা করে নেবে।