নিজস্ব প্রতিবেদক
চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতিতে মাসকাট বিমানবন্দরে অবতরণের পর এক যাত্রীর মৃত্যুর ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৩৬ ফ্লাইটটি আটকে আছে। উড়োজাহাজ থেকে মরদেহ নামানোর জন্য এখনো রয়্যাল ওমান পুলিশের অনুমতি না পাওয়ায় ফ্লাইটটির পরবর্তী যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন উড়োজাহাজটির অন্য যাত্রীরা।
বুধবার (২৬ আগস্ট) বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, বিজি-১৩৬ ফ্লাইটটি সৌদি আরবের জেদ্দা থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসার কথা ছিল। তবে ফ্লাইটে থাকা এক যাত্রীর শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতিতে উড়োজাহাজটি নির্ধারিত গন্তব্যের পরিবর্তে ওমানের মাসকাট বিমানবন্দরে জরুরি অবতরণ করে। পরে ওই যাত্রীর মৃত্যু হয়।
মাসকাট বিমানবন্দরে অবতরণের পর মরদেহটি উড়োজাহাজ থেকে নামানোর উদ্যোগ নেওয়া হলেও স্থানীয় আইন ও বিধি অনুযায়ী এ জন্য রয়্যাল ওমান পুলিশের অনুমতি প্রয়োজন। এখনো অনুমতি না পাওয়ায় মরদেহটি উড়োজাহাজের ভেতরেই রয়েছে।
বিমান সূত্র জানায়, মরদেহ নামানোর অনুমতির জন্য ওমানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। অনুমতি পাওয়ার পর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে মরদেহটি উড়োজাহাজ থেকে নামানো হবে। এরপর ফ্লাইটটির পরবর্তী যাত্রার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
বিজি-১৩৬ ফ্লাইটে ব্যবহৃত উড়োজাহাজটির নিবন্ধন নম্বর এস২-এএফপি। দীর্ঘ সময় ফ্লাইটটি আটকে থাকায় যাত্রীদের মধ্যে ভোগান্তি তৈরি হয়েছে। মাসকাট থেকে উড়োজাহাজটি কখন পরবর্তী গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাবে, তা এখনো নিশ্চিত করা যায়নি।
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, ওমানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। অনুমতি ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর দ্রুত ফ্লাইটের পরবর্তী কার্যক্রম শুরু করার উদ্যোগ নেওয়া হবে।